অনলাইন ডেস্ক নিউজ:

গাজীপুরের টঙ্গীর চেরাগালী এলাকার গুরুত্বপূর্ণ মেইন রোডটি এখন যেন পরিণত হয়েছে এক অঘোষিত ময়লার ভাগাড়ে। সড়কের দুই পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বিশেষ করে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, ময়লার কারণে শুধু দুর্গন্ধই নয়, বরং রাস্তার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সচেতন মহল মনে করছে, নগর ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও নজরদারির অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ জরুরি।