দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় চিকিৎসাকর্মী ও রোগীসহ ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা দল জানিয়েছে, হামলার পর হাসপাতালের ভেতরে তল্লাশি ও পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের দ্বিতীয় তলা লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। গাজা উপত্যকার অন্যতম বৃহৎ এই চিকিৎসাকেন্দ্রটি বর্তমানে দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হিসেবে কাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণটি ছিল সম্পূর্ণ আকস্মিক। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার আগে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি এবং হাসপাতাল থেকে সরে যাওয়ারও কোনো নির্দেশ দেওয়া হয়নি।

উল্লেখ্য, নাসের মেডিকেল কমপ্লেক্সটি সাম্প্রতিক বছরগুলোতে বারবার হামলার শিকার হয়েছে। এটি সপ্তমবারের মতো ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হলো। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুটি পৃথক বোমা হামলায় পাঁচ সাংবাদিকসহ অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো পূর্বসতর্কতা ছাড়াই বারবার এই হাসপাতালটিতে হামলা চালানো হচ্ছে।