বিশ্বের শীর্ষ এআই প্রসেসর সরবরাহকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এখন পর্যন্ত নিজের কোনো উত্তরসূরি মনোনীত করেননি। তবে হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্লেষক ও বিনিয়োগকারীরা সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দুজনকে বিশেষভাবে বিবেচনা করছেন। অন্তত স্বল্পমেয়াদে, তারা হলেন এনভিডিয়ার শীর্ষ প্রকৌশলী ইয়ান বাক এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস।

দীর্ঘদিনের শীর্ষ নেতা হুয়াংকে ঘিরে বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর প্রতিষ্ঠানটি নতুন করে সংকটে পড়েছে। রয়টার্স পরিচালনা পর্ষদের বৈঠক সম্পর্কে মন্তব্য জানতে চাইলেও এনভিডিয়া তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। হুয়াং আর দশজন প্রধান নির্বাহীর মতো নন; চামড়ার জ্যাকেট পরা এই ক্যারিশম্যাটিক উদ্যোক্তা এনভিডিয়ার চিপকে ঘিরে একধরনের আবেগ তৈরি করেছেন। ভিডিও গেমের প্রসেসর তৈরির মাধ্যমে যাত্রা শুরু করা কোম্পানিটিকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন, যা এনভিডিয়াকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করেছিল।

সিডনিভিত্তিক ফ্লাডলাইনস রিসার্চের প্রতিষ্ঠাতা আনা উ বলেন, ‘জেনসেন হুয়াং এই শিল্পের একজন রকস্টার। তিনি স্পষ্টভাষী এবং এনভিডিয়া ব্র্যান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ ধরনের একজন নেতার বিকল্প খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন।’ হুয়াংয়ের বিকল্প নিয়ে এই উদ্বেগের প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ারবাজারেও। চলতি সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে, ফলে প্রতিষ্ঠানটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানিতে নেমে এসেছে।

হুয়াংকে সরিয়ে দেয়া হলে তার স্থলাভিষিক্ত কে হতে পারেন, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে আসে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আর্মের প্রধান নির্বাহী রেনে হাস, দীর্ঘ ৩২ বছর ধরে এনভিডিয়ায় কর্মরত জেফ ফিশার এবং হুয়াংয়ের দুই সন্তান, যারা বর্তমানে এনভিডিয়ায় নির্বাহী পদে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের শূন্যস্থান পূরণের সবচেয়ে সহজ উপায় হতে পারে সিএফও কোলেট ক্রেসকে দায়িত্ব দেয়া, যিনি নিয়মিত ত্রৈমাসিক আর্থিক ফলাফল ঘোষণার সময় হুয়াংয়ের সঙ্গে উপস্থিত থাকেন। ৫৯ বছর বয়সী ক্রেস ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন। এর আগে তিনি মাইক্রোসফট, সিসকো এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। সেমাফোরের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য তাকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেয়ার পক্ষে। ইটোরোর প্রধান বিশ্লেষক জশ গিলবট বলেন, ‘জাহাজকে স্থিতিশীল রাখতে কোলেট ক্রেসই সবচেয়ে স্বাভাবিক পছন্দ। তিনি ১৩ বছর ধরে প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, ফলে বাজারের কাছে তিনি পরিচিত ও আস্থাভাজন।’

তবে স্থায়ীভাবে এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা প্রাধান্য পেতে পারে। জশ গিলবট আরও বলেন, ‘এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি তার প্রযুক্তি। তাই পরিচালনা পর্ষদ সম্ভবত একজন প্রকৌশলীকে এই পদে দেখতে চাইবে।’ এই বিবেচনায় ইয়ান বাকের নাম সামনে আসছে। ২০০৪ সালে যোগ দেয়া বাক এনভিডিয়ার চিপে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সিইউডিএ (CUDA) তৈরির কাজে নেতৃত্ব দিয়েছেন। তিনি বর্তমানে হাইপারস্কেল এআই বিভাগের পণ্যপ্রধান হিসেবে কাজ করছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী বাকের গবেষণার ভিত্তিতেই এআইকেন্দ্রিক সফটওয়্যার তৈরির কাজ এগিয়েছে।

ভবিষ্যৎ নিয়ে বাজি ধরার ওয়েবসাইট পলিমার্কেটের তথ্যমতে, চলতি বছরের শেষ নাগাদ হুয়াংয়ের বিদায়ের সম্ভাবনা ৮৩ শতাংশ। সেখানে উত্তরসূরি হিসেবে ইয়ান বাকের নাম তালিকার শীর্ষে রয়েছে, আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন কোলেট ক্রেস।