১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহত প্রায় পাঁচ লাখ মানুষের স্মরণে ভোলায় স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ট্রাজেডির ৫৬ বছর অতিক্রম করার পর এই প্রথম সরকারি উদ্যোগে জেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণার জোরালো দাবি জানান।
ভোলা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম নবী আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী হুমায়ুন কবীর সোপান।
স্মরণসভায় বক্তব্য প্রদান করেন দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, বন্ধুজনের আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আমিনুল ইসলাম, ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, সুজন-এর সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, সিপিপির টিম লিডার মো. তসলিম এবং আমরা ভোলাবাসী সংগঠনের আহ্বায়ক মীর মোশারেফ অমিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা ১৯৭০ সালের সেই প্রলয়ংকরী দুর্যোগের স্মৃতিচারণ করে নিহতদের আত্মত্যাগ এবং উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষতির চিত্র তুলে ধরেন। তারা উল্লেখ করেন, ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে পালন করা হলে উপকূলের মানুষের অবদান, দূর্যোগের ইতিহাস এবং এ অঞ্চলের সংকট ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে স্থান পাবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে উপকূলের এই ট্রাজেডি ও ইতিহাসের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
স্মরণসভা শেষে ১৯৭০ সালের প্রাণঘাতী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ বনি আমীন।
উল্লেখ্য, ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়টি তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ২২৪ কিলোমিটার গতির তাণ্ডব এবং ৬ থেকে ১০ মিটার উঁচু জলোচ্ছ্বাসে মুহূর্তেই তলিয়ে যায় দ্বীপ জেলা ভোলাসহ বিভিন্ন উপকূলীয় এলাকা। ঘুমন্ত মানুষের ওপর আঘাত হানা সেই দুর্যোগে ঘরবাড়ি, গবাদিপশু, ফসলি জমি ও মাছ ধরার নৌকা ভেসে গিয়ে নিঃস্ব হয় অগণিত পরিবার। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, এই দুর্যোগে দেশে মোট ৭ লাখ থেকে ১০ লাখ মানুষ মারা যান, যার মধ্যে কেবল ভোলাতেই প্রাণ হারিয়েছিলেন পাঁচ লাখেরও বেশি মানুষ।