জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম শীর্ষ সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের পথে যাত্রা করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কর্মকর্তা সুবুতাই ইউকসেল। ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি বিমানে করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। একই সঙ্গে তিনি জলবায়ু সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন এবং সম্মেলনস্থলে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পুরো সফরজুড়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, বৈশ্বিক জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়গুলো বিশেষভাবে অগ্রাধিকার পায়।