বগুড়ার সার্বিক উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, জেলার সাতটি সংসদীয় আসনে এই বরাদ্দ সমানভাবে বণ্টন করা হবে। এছাড়া বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে, যা পাস হলে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে।
বৃহস্পতিবার বগুড়ার একটি কনভেনশন সেন্টারে স্থানীয় গণমাধ্যম 'দৈনিক বগুড়া' পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং চলমান প্রকল্পগুলো প্রধানমন্ত্রী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সরকারের বিশেষ কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও জানান, চলতি মাসের শেষ দিকে অথবা চলতি সপ্তাহের শেষ দিকে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বগুড়া সফরে আসবেন। সফরকালে তিনি সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন এবং করতোয়া নদী ও খাল পুনঃখননের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএস নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং বগুড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কালাম আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
একই দিন দুপুরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শহরের একটি হোটেলে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানেও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আমিনুর রহমান মোহনের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে ছয়জন সাংবাদিককে মরণোত্তর পুরস্কার এবং ছয়জন গুণী সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়।