যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে একটি ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী ওই ভবনের ভেতর অবস্থান নিয়ে নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী এখনো তাদের হেফাজতে আসেনি।

ডিসি কাউন্সিলের সদস্য ব্রুক পিন্টো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, লোগান সার্কেল এলাকায় অবস্থিত ভিআইডিএ ফিটনেস ক্লাবের ভেতরে ও বাইরে এই গুলির ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, জিম থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার পরও তিনি আরও কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। এলাকাটি হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে কৌশলগত সরঞ্জাম ও ভারী অস্ত্রসহ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা কয়েক ডজন পুলিশের গাড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়া আশপাশের ভবনের ছাদে রাইফেল হাতে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। স্থানীয় অনেক মানুষকেও কাছাকাছি ভবনের ছাদে দাঁড়িয়ে পুলিশের এই তৎপরতা পর্যবেক্ষণ করতে দেখা গেছে।