বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, পলায়ন, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে, একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়। রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, ২-এপিবিএনের সাবেক এএসপি মোদু আরিফুজ্জামান, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম এবং সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান। এছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, ক্ষমতার অপব্যবহার করে অপহরণ ও অর্থ দাবি করাসহ বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই নোটিশের জবাব না দেওয়ায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে গুরুদণ্ডের এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।