সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একইদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটা এসব দুর্ঘটনায় অন্তত সাতটি দেশের ৩০ জন আহত হয়েছেন। খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে গাড়িটি উল্টে গিয়ে যানজটে আটকে থাকা আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তা পার্শ্ববর্তী গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় ১৪ জন প্রাণ হারান।

এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য কয়েকজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

পৃথক আরেকটি দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। খালিজ টাইমসের খবরে বলা হয়, শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন এবং তাদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে। পরিবারের আরও চার সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ফুজাইরাহর এক সমাজকর্মীর বরাত দিয়ে জানানো হয়, নিহত তরুণদের বাবা ফুজাইরাহ শহরে একটি খাবারের দোকান পরিচালনা করেন। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।