গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক খুঁটির ওপরে আটকে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ছাতির বাজার এলাকার ডিবিএল কারখানা-গোদারচালা আঞ্চলিক সড়কের ফকিরবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, ওই সময় বেশ কয়েকজন মিলে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির পরিকল্পনা করছিলেন। তাঁদের মধ্যে একজন খুঁটিতে ওঠেন এবং অন্যরা নিচে অবস্থান নিয়েছিলেন। ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চললেও ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ প্রবাহ চালু ছিল। এই অবস্থায় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপরেই আটকে পড়েন। নিচে থাকা সহযোগীরা ঘটনার পর কী করেছেন তা জানা যায়নি।
স্থানীয়রা বিষয়টি দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিলে মাওনা ফায়ার সার্ভিস, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের কর্মী এবং শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তাঁর শরীরের ডান পাশের প্রায় ৩৩ শতাংশ পুড়ে গেছে। তাঁকে তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শান্তনু রায় জানান, উদ্ধার অভিযানের সুবিধার্থে ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে ট্রান্সফরমার চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। তবে ওই ব্যক্তি সুনির্দিষ্টভাবে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই খুঁটিতে উঠেছিলেন কি না, তা তদন্ত করে দেখা হবে। এখন পর্যন্ত আহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।