তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে তিনি ঢাকার পথে যাত্রা করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছিলেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।