ইসলামে দান-সদকা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। মানুষের মধ্যে দানের আগ্রহ ও উৎসাহ সৃষ্টির জন্য প্রকাশ্যে দান করার যেমন গুরুত্ব রয়েছে, তেমনি গোপনে সদকা করারও রয়েছে বিশেষ ফজিলত। অনেক ক্ষেত্রে প্রকাশ্যে দানের চেয়ে গোপনে দান করাই অধিক উত্তম।
গোপনে সদকা করার চারটি বিশেষ দিক রয়েছে। ইবাদতের অন্যতম শর্ত হলো একনিষ্ঠতা। প্রতিটি আমল হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু মানুষের প্রশংসা, বাহবা কিংবা সামাজিক মর্যাদা লাভের আকাঙ্ক্ষা অনেক সময় ইবাদতের এই পবিত্র উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করে, যাকে ইসলামের পরিভাষায় লোকদেখানো ইবাদত বা ‘রিয়া’ বলা হয়। গোপনে সদকা করার মাধ্যমে এই রিয়ার প্রবণতা থেকে বেঁচে থাকা সহজ হয়, কারণ মানুষের প্রশংসা পাওয়ার সুযোগ না থাকলে দানের পেছনে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষাই মুখ্য হয়ে ওঠে। আল্লাহ তাআলা লোকদেখানো ইবাদতকারীদের নিন্দা করে বলেছেন, ‘আর যারা লোকদেখানোর জন্য আমল করে।’ (সুরা মাউন, আয়াত: ৬)
গোপনে সদকা করলে দানগ্রহীতাকে মানুষের সামনে ছোট হতে হয় না। অভাব মানুষের জীবনের একটি বাস্তবতা হলেও, অভাবের কারণে কাউকে যেন আত্মমর্যাদা বিসর্জন দিতে না হয়, সেদিকে খেয়াল রাখা একজন মুমিনের দায়িত্ব। অনেক মানুষ সংকোচে কারও কাছে হাত পাততে পারেন না অথবা সাহায্য গ্রহণ করলেও তা প্রকাশ করতে চান না। এমন মানুষের পাশে নীরবে দাঁড়ানো একটি মানবিক কাজ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তবে তা ভালো; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম।’ (সুরা বাকারা, আয়াত: ২৭১)
সদকা এমনই একটি মহৎ আমল, যা পাপমোচনের মাধ্যম হতে পারে। হাদিসে এসেছে, ‘গোপনে সদকা আল্লাহর ক্রোধ প্রশমিত করে।’ (আল-মুজামুস সগির, হাদিস: ১০৩৪) এছাড়া মহানবী (সা.) বলেছেন, ‘সদকা পাপকে এমনভাবে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪২১০)
কেয়ামতের কঠিন ও ভীতিকর দিনে আল্লাহর বিশেষ আশ্রয় ও রহমত লাভ করা পরম সৌভাগ্যের বিষয়। রাসুল (সা.) জানিয়েছেন, কেয়ামতের দিন সাত শ্রেণির মানুষকে আল্লাহ তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাঁদের মধ্যে রয়েছেন এমন ব্যক্তি, যিনি এত গোপনে সদকা করেন যে তাঁর বাঁ হাতও জানতে পারে না তাঁর ডান হাত কী দান করেছে। (সহিহ বুখারি, হাদিস: ১৪২৩)