যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি ব্যস্ত এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে শহরের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এই হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট।

পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্ট ভবনে প্রবেশ করে নিজেকে অবরুদ্ধ করে ফেলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তার সঙ্গে ফোনে যোগাযোগ করে আত্মসমর্পণের আহ্বান জানান। এক পর্যায়ে কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান। পরে পুলিশ ওই কক্ষে প্রবেশ করে অভিযুক্তকে আটক করে। জানা গেছে, ওই ব্যক্তি নিজেই নিজেকে গুলি করেছিলেন।

ঘটনার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ কেন্দ্রীয় ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে এবং অভিযান চালায়। ঘটনাস্থলে থাকা আল জাজিরার প্রতিবেদক জানান, হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, হামলার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন, যেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন। তিনি জানান, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন এবং তার শরীর থেকে রক্ত ঝরছিল। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে গেলেও গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।