দেশের বিভিন্ন অঞ্চলে নোবেলবিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের অন্তত ১৮টি শাখা ও কার্যালয়ে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে জুলাই বিপ্লবের সম্মুখসারির একাধিক যোদ্ধা ও রাজনৈতিক নেতৃত্বের বসতবাড়িতে ককটেল ও পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এসব নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ফ্যাসিবাদী চক্রের এই সংঘবদ্ধ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন হাসনাত আবদুল্লাহ এমপি, নাসীরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন এমপি, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং আয়াশসহ বহু জুলাইযোদ্ধা। অন্যদিকে, দেশের অন্যতম বিশেষায়িত এই আর্থিক প্রতিষ্ঠানে সিরিজ নাশকতার কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক এবং গ্রাহকদের আস্থায় সংকট দেখা দিচ্ছে। দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ২,৫৬৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অডিট অফিস ও ৪০টি জোনাল অফিস রয়েছে। ২০০৯ সালে ক্ষমতা দখলের পর থেকেই আওয়ামী লীগের রোষানলে পড়েছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব গ্রহণ এবং ফ্যাসিবাদী দলের কার্যক্রম নিষিদ্ধ করার পর আত্মগোপন ও বিদেশে পলাতক নেতারা ব্যাংকটিকে প্রধান টার্গেটে পরিণত করেছেন।

সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আকতার হামিদ জানান, কিছুদিন ধরে তাদের শাখাগুলোতে পরিকল্পিতভাবে পেট্রোলবোমা, ককটেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ শাখাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তাও বৃদ্ধি করেছে। এ বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ও মুখপাত্র কামারুম মুনিরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে পাওয়া চিঠির আলোকে দেশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে বিশেষ নজরদারি ও টহল বাড়াতে বলা হয়েছে।

নাশকতার শিকার হওয়া গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখা ও কার্যালয়ের তালিকা নিশ্চিত হওয়া গেছে। এগুলো হলো—ঢাকার ধামরাইয়ের সুয়াপুর, নওগাঁর রানীনগরের কচুয়া বাজার, বগুড়ার ধুনটের গোসাইবাড়ী ও শেরপুর, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়, ফেনীর শর্শদি বাজার, ময়মনসিংহের গৌরীপুরের দৌহাখোলা, নেত্রকোনার মৌগাতীর চুচুয়া বাজার ও আমতলা, বরগুনার আমতলীর কড়ইবুনিয়া, কুড়িগ্রাম শহরের মৎস্য খামার এলাকা, চট্টগ্রামের আনোয়ারার বারখাইন, কক্সবাজার সদর, পাবনার দোগাছী বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা, মাগুরার মহম্মদপুর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী এবং চাঁদপুরের বাগাদী শাখা।

বিভিন্ন স্থানে আক্রমণের দৃশ্য সামাজিক মাধ্যমেও প্রকাশ পেয়েছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে পাবনার দোগাছী বাজার শাখায় পেট্রোল ঢেলে আগুন দেয় ও ভাঙচুর চালায় নিষিদ্ধ সংগঠনের ক্যাডাররা। সে সময় নিরাপত্তাকর্মীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। একই দিন বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সুজন মোল্লার নেতৃত্বে তিন ক্যাডার পরপর তিনটি পেট্রোলবোমা মারে এবং ব্যাংকে হামলা চালায়। সুজন নিজেই সেই ঘটনার ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেন, যেখানে এক ক্যাডারকে বলতে শোনা যায়—"এই বাংলার মাটিতে ইউনূস স্বৈরাচারের কোনো ঠাঁই হবে না।"

অনুরূপভাবে গত ১৪ অক্টোবর নেত্রকোনা সদরের মৌগাতী ইউনিয়নের চুচুয়া বাজার শাখায় আগুন দেওয়া হলে দুটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। পরবর্তীতে সেখানে নেত্রকোনা সদরের দুগিয়া বাজারে আমতলা শাখায় ভোর সাড়ে ৪টার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক যুবক প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। ১০ সেকেন্ডের সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কার্যালয়ে অবস্থানরত নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন বলে নিশ্চিত করেছেন শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮: ৫২আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮: ৫৯