ল্যাপটপে কাজ করার সময় হঠাৎ ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়া ব্যবহারকারীদের জন্য বেশ বিরক্তিকর। তবে সঠিক কিছু নিয়ম মেনে চললে এবং সেটিংস পরিবর্তন করলে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর পাশাপাশি এর দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব।

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা ‘এনার্জি সেভার মোড’ চার্জ দ্রুত শেষ হওয়া রোধে কার্যকর ভূমিকা রাখে। সাধারণত ব্যাটারির চার্জ ৩০ শতাংশে নেমে এলে এই মোড স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, তবে কাজের সুবিধার্থে যেকোনো সময় এটি ম্যানুয়ালিও চালু রাখা যায়। পাশাপাশি পাওয়ার সেটিংসে গিয়ে ‘বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি’ অপশনটি নির্বাচন করা উচিত। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ থেকে কমিয়ে ৬০ হার্জে আনা এবং স্ক্রিনের ব্রাইটনেস প্রয়োজন অনুযায়ী কমিয়ে রাখলে ব্যাটারির চার্জ অনেকটাই সাশ্রয় হয়।

স্ক্রিনের ডার্ক মোড ব্যবহার করলেও ব্যাটারি খরচ দৃশ্যমানভাবে কমে আসে। বিশেষ করে ওএলইডি (OLED) ডিসপ্লেযুক্ত ল্যাপটপে ডার্ক মোড চালু করলে পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ থাকে, ফলে প্রচুর চার্জ বাঁচে। এ ছাড়া ল্যাপটপের সঙ্গে যুক্ত পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ বা মাউসের প্রয়োজন শেষ হলে সেগুলো খুলে ফেলা ভালো। ব্যাকগ্রাউন্ডে মেমোরি ও চার্জ গ্রাসকারী অ্যাপগুলো চিহ্নিত করে বন্ধ রাখার পাশাপাশি প্রয়োজন না থাকলে ওয়াই-ফাই ও ব্লুটুথ বন্ধ রাখতে অ্যারোপ্লেন মোড ব্যবহার করা যেতে পারে।

গেমিং বা ভারী কাজের ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিকসের বদলে ইন্টিগ্রেটেড জিপিইউ (GPU) ব্যবহার করলে চার্জ সাশ্রয় হয়। এ ছাড়া নির্দিষ্ট অ্যাপের সাহায্যে সিপিইউ (CPU) কোর নিয়ন্ত্রণে রেখেও ব্যাটারি বাঁচানো সম্ভব। সারাক্ষণ শতভাগ চার্জে ল্যাপটপ প্লাগে যুক্ত রাখলে ব্যাটারির ক্ষতি হতে পারে। অ্যাপের ‘ব্যাটারি কেয়ার মোড’ চালু করলে চার্জ ৮০ শতাংশে সীমাবদ্ধ থাকে, যা দীর্ঘ মেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখে। তবে এসব ব্যবস্থার পরও যদি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তবে ডায়াগনসিস পরীক্ষার মাধ্যমে ব্যাটারির সঠিক অবস্থা জেনে নেওয়া প্রয়োজন।