বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি পুরোনো গয়নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালনকালে দীপিকার পরা একটি বিশেষ নেকলেসের ছবি এখন নেটিজেনদের নজরে এসেছে। সব্যসাচী মুখার্জির নকশা করা ‘লখনউ রোজ’ নামের ওই নেকলেসটিতে থাকা একটি পাথরে আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ বা ‘আল্লাহর নিরাপত্তায়’ কথাটি খোদাই করা ছিল।

সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অন্তর্ভুক্ত এই নেকলেসটি এতদিন দীপিকার ফ্যাশন অনুষঙ্গ হিসেবেই পরিচিত ছিল। তবে কারিনা কাপুর খানের সাম্প্রতিক বিতর্কটি সামনে আসার পর দীপিকার এই পুরোনো ছবিটি নতুন করে ভাইরাল হয়েছে। ২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খান ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি পোশাকের সঙ্গে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরেছিলেন, যেখানে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল।

এই লকেট ব্যবহারের ঘটনায় গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ ব্যক্তিগত অবস্থান থেকে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ধর্মীয় আয়াতের ব্যবহারের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবি ও ভিডিও সরিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। কারিনার প্রতি ভোপালের হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের মতো কিছু সংগঠন সমর্থন জানালেও, কারিনা বা রিয়া কাপুর এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।