মৃত্যুর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও পাঠক হৃদয়ে হুমায়ূন আহমেদের আবেদন বিন্দুমাত্র কমেনি। তাঁর সৃষ্ট চরিত্র, সংলাপ কিংবা গানের কথায় তিনি আজও সমানভাবে জীবন্ত। এই জনপ্রিয় কথাসাহিত্যিকের ৭৮তম জন্মদিনে তারই প্রতিফলন দেখা গেল গাজীপুরের পিরুজালী ইউনিয়নে অবস্থিত তাঁর প্রিয় আবাসস্থল নুহাশ পল্লীতে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন বয়সী লেখক, পাঠক ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে নুহাশ পল্লী।
প্রিয় লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অনেকে হুমায়ূন আহমেদের লেখা গান গেয়ে, কবিতা আবৃত্তি করে এবং তাঁর সাহিত্যকর্ম নিয়ে স্মৃতিচারণ করে দিনটি পালন করেন। হিমু পরিবহনের সদস্যরাও এদিন দলবেঁধে এসে শ্রদ্ধা নিবেদন করেন।
ভক্ত মনিকা বলেন, হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলো আজও অমলিন। তাঁর জন্মদিনে স্মৃতিগুলো ধরে রাখতেই এখানে এসেছি। তিনি আরও বলেন, নুহাশ পল্লীতে বসেই বাংলা সাহিত্যের জন্য তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন। পাঠক শাহিনুর জানান, লেখক আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতিগুলো এখানে দৃশ্যমান। তাঁর লেখা বই পড়ার সুবাদে তাঁর স্মৃতি ধারণ করেই বাংলা সাহিত্য যুগ যুগ বেঁচে থাকবে বলে তিনি মন্তব্য করেন।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা জানান, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতি প্রমাণ করে মানুষের হৃদয়ে তাঁর অবস্থান কতটা দৃঢ়। বিশেষ করে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে প্রচুর মানুষের সমাগম ঘটে। দর্শনার্থীদের প্রত্যাশা পূরণে কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট থাকেন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত ‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে তিনি সাহিত্যজগতে পরিচিতি লাভ করেন। হিমু, মিসির আলী ও শুভ্রর মতো জনপ্রিয় চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর তাঁকে নুহাশ পল্লীতেই সমাহিত করা হয়। আজও বই, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তিনি সমানভাবে সমাদৃত।