মোবাইল কোর্টের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার লক্ষ্যে নতুন ছয়টি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোবাইল কোর্টের কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করা বাধ্যতামূলক। এই ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থায় সংরক্ষণ করতে হবে। এছাড়া ভিডিওর একটি কপি মিডিয়া সেলের কাছেও পাঠাতে হবে। ভবিষ্যতে কোনো মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে, এই ভিডিওগুলো আপিল আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে।

জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই সেলের আহ্বায়ক হবেন জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সদস্য হিসেবে থাকবেন জেলা তথ্য অফিসার বা সহকারী জেলা তথ্য অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার। জে.এম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। মিডিয়া সেল মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং প্রয়োজনে তা সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে।

জব্দকৃত মালামাল সংরক্ষণের জন্য প্রতিটি জেলায় নিরাপদ কক্ষ বা স্থাপনা নির্ধারণ করতে বলা হয়েছে। নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে এসব মালামাল গ্রহণ ও হস্তান্তরের দায়িত্ব দিতে হবে এবং এ সংক্রান্ত রেজিস্টার নিয়মিত যাচাই করতে হবে। পচনশীল মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুসরণ করতে হবে। এছাড়া আপিল আদালতগুলোতে সরকারপক্ষে মামলা পরিচালনার জন্য নির্দিষ্ট আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমন্বয় করবেন।

মোবাইল কোর্ট পরিচালনার সহায়তার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীকে পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিতে বলা হয়েছে। তাদের আগামী এক মাসের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত এই পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, মিডিয়া সেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ীও দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে। সূত্র: বাসস।