মিস ইউনিভার্স ২০২৬-এর ৭৫তম আসরের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের সুবাদে আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। বর্তমানে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে এই বিশ্ব আসর অনুষ্ঠিত হচ্ছে। সেখানে মাহিকে কাজাখস্তান, লাটভিয়া, কঙ্গো, পাকিস্তান, কিউবা, ঘানা, আর্জেন্টিনা ও সুইডেনের প্রতিযোগীদের সঙ্গে দেখা গেছে এবং তাদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাহি সম্পর্কে জানা গেছে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। কর্মক্ষেত্রে ‘সামিরা’ ও ডাকনাম ‘মাহি’—এই দুইয়ে মিলিয়ে তিনি সামিরা খান মাহি নামে পরিচিতি পেয়েছেন।

মডেলিংয়ে মাহির যাত্রা শুরু হয় ২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে তিনি প্রথম রানারআপ হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয়। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা গৃহিণী। সিলেট শহরের আম্বরখানায় বেড়ে ওঠেন তিনি।

অভিনয়জগতে মাহির যাত্রা শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। ‘গার্লস স্কোয়াড’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন তিনি।