কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার দেবীদ্বারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এলাকার সব ধরনের অবৈধ কর্মকাণ্ড গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।
সমাবেশে অবৈধ ইটভাটা মালিকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা নতুন করে ব্রিক ফিল্ড বা ইটভাটা চালু করছেন এবং ছোট ছোট চুঙা লাগাচ্ছেন, তারা যেন আগে এই খরচটা না করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খরচ করলে তো আর ভাঙতাম না, কিন্তু কিছু না থাকলে ভাঙব কীভাবে? তিনি আরও বলেন, ইট বানানো বা চুঙা বসানোর মতো সব অবৈধ স্থাপনা একদম সমান করে ফেলা হবে এবং ভেঙে ফেলা হবে। এলাকায় কোনো ধরনের অবৈধ জিনিস সহ্য করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
এলাকায় রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের মাঠে রাজনৈতিক দল থাকবে। তবে দেবীদ্বারে মূলত দুটি দল—একটি হলো অপরাধী ও দুর্নীতিবাজদের দল, আর অন্যটি সাধারণ জনগণের দল।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে অপরাধ, দুর্নীতি, মাটি খেকো এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।