কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই বিশেষ দিনটি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এক স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মো. আতিকুল ইসলাম পিতুলের সভাপতিত্বে এবং মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. গালিবুল ইসলাম গালিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, ডা. তালজিলা রহিম পিংকি, মো. জুনায়েদ ভূঁইয়া, শামীমা বেগম রীমা, সাইফুল ইসলাম রিপন, মো. জাকির হোসেন, মাহমুদ পায়েল ও তরিকুল ইসলাম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবীদের পাশাপাশি নাগরিক টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা শাওন, মোহনা টিভির প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন এবং কিশোরগঞ্জ টেলিভিশনের প্রধান সম্পাদক রায়হান জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি মো. আতিকুল ইসলাম পিতুল বিগত পাঁচ বছরের রক্তদান কর্মসূচি ও সংগঠনের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিরা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও উপকারিতা নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত তরুণদের মানবিক কর্মকাণ্ডে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংগঠনের সদস্য ও অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।