কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত এই নতুন কমিটিতে মো. আব্দুল হালিম সভাপতি, মো. আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং নুর আলম সিদ্দিকী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন শাহীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতিনির্ধারণী কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি পংকজ কান্তি আইচ, নির্বাহী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি মো. নেয়ামুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবঘোষিত সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া এখনো পুরোপুরি বাস্তবায়িত না হওয়ার বিষয়টি তুলে ধরেন। শিক্ষকদের অধিকার আদায় ও দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন। এসময় বক্তারা দেশের ৬৪টি জেলায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত ও জোরদার করার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।