বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সার বিতরণে কঠোর নজরদারির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, সার বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। ডিলারের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব বিবেচনা না করেই অনিয়মের দায়ে ডিলারশিপ বাতিল করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ জন দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী জুন মাস থেকে যশোরে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গরূপে কার্যক্রম শুরু করবে। এছাড়া সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটও চালু করা হবে বলে তিনি ঘোষণা দেন।