প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য হলো ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকার পরামর্শ দেন তিনি।
তারেক রহমান উল্লেখ করেন যে, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ এবং বাংলাদেশেও এর প্রকোপ ক্রমেই বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা অনেক ক্ষেত্রে জীবনহানির কারণও হয়। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের উদ্যোগেই দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে যা গৌরবের বিষয়। ভবিষ্যতে সমিতির সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাণীতে তিনি দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করেন।