ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় সব পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নতুন দলে যোগ দেন।

উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রোকন বৈঠক উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় পৌর জামায়াতের আমির মাওলানা আঃ মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান ও যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ দলের স্থানীয় রোকন সদস্যরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীতে যোগদানের পর সাদেকুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনই সঠিক পথ বলে তিনি এখন মনে করছেন এবং বিষয়টি বুঝতে তার অনেক সময় লেগেছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী জানান, সাদেকুল ইসলাম গত ১০ নভেম্বর ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ইয়াশিন আলী আরও উল্লেখ করেন যে, সাদেকুল মাস্টার আগে থেকেই ইসলামী মানসিকতার মানুষ ছিলেন, যার ধারাবাহিকতায় তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।