কুমিল্লার দেবিদ্বারে নবনির্মিত সড়কগুলো অসাধু ব্যবসায়ী ও মাটিচোরদের কারণে ছয় মাসের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বেলা ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হাসনাত আবদুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এখন থেকে দেবিদ্বার-চান্দিনা সড়কে কোনো ওভারলোডেড ট্রাক পাওয়া গেলে কিংবা তদবির করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, অপরাধী নিজের দলের হোক কিংবা যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। এ সময় তিনি ঘোষণা করেন, যে ট্রাক অতিরিক্ত ওজন নিয়ে চলবে, সেই ট্রাকের মালিককে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিতে হবে।

এছাড়া অবৈধ ইটভাটা স্থাপন ও কৃষিজমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন এই সংসদ সদস্য। তিনি বলেন, যারা নতুন করে ইটভাটার চুঙ্গা নির্মাণ করছেন বা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। কোনো অবৈধ ইটভাটা বা চুল্লি চালু রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে ইট তৈরির খরচ করার পরও সেই ইটভাটা ভেঙে সমান করে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সামাজিক সম্প্রীতি ও অপরাধমুক্ত দেবিদ্বার গড়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের মাঠে রাজনৈতিক দলের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মূলত আমাদের দল দুটি—একটি অপরাধী চক্র এবং অন্যটি সাধারণ জনগণ। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।