রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করেছে ভারত। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত অক্টোবরে আগের মাসের তুলনায় ভারতের অপরিশোধিত তেল আমদানির হার ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ফলে দেশটি রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে রাশিয়া থেকে মোট ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত, যা রাশিয়ার মোট রপ্তানির ৩৭ শতাংশ। একই সময়ে ভারতের মোট জীবাশ্ম জ্বালানি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ০৭ বিলিয়ন ডলারে। ২০২২ সালের জানুয়ারি থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এটি ভারতের জন্য এক মাসে সর্বোচ্চ আমদানির রেকর্ড।

ভারতের তিনটি বৃহত্তম শোধনাগার এই আমদানিতে বিশেষ ভূমিকা রেখেছে। এর মধ্যে ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্সের জামনগর শোধনাগার অন্যতম। সিআরইএ জানিয়েছে, গত মাসে জামনগর শোধনাগার থেকে রাশিয়া-উৎপাদিত জ্বালানির ১০টি চালান ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বন্দরে পাঠানো হয়েছে। এছাড়া তুরস্কের স্টার শোধনাগার থেকেও ইউরোপের দেশগুলো দুটি চালান সংগ্রহ করেছে, যেখানে সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল সাতটি।

ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির তৃতীয় বৃহত্তম ক্রেতা হিসেবে রয়েছে। শীর্ষ পাঁচ ক্রেতার তালিকায় থাকা ইইউ রাশিয়ার মোট রপ্তানি আয়ের ১১ শতাংশ জোগান দেয়। হেলসিংকিভিত্তিক সিআরইএ জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য হলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করা এবং রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপের নির্ভরতা কমানো।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ও এনার্জি ইনস্টিটিউটের তথ্যমতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে ডিজেল ও গ্যাস অয়েলের সরবরাহ দৈনিক ১৭ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে, যার ফলে সেপ্টেম্বরে পাইকারি বাজারে ডিজেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপে এই দাম ২২০ ডলারে পৌঁছায়। এই উচ্চমূল্য নিয়ন্ত্রণের প্রচেষ্টায় গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফর করেন এবং জামনগর শোধনাগারকে বিশ্ববাজারে ডিজেল সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান। জামনগর শোধনাগার ইতিমধ্যে রাশিয়া থেকে আগের মাসের তুলনায় ২২ শতাংশ বেশি অপরিশোধিত তেল কিনেছে, যা সমুদ্রপথে রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারক হিসেবে তাদের অবস্থান নিশ্চিত করেছে।