পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে পাবনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) জেলা সদরের পাঁচটি অবৈধ ইটভাটায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।

পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন। প্রসিকিউশন পরিচালনায় দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এবং পরিদর্শক মো. আব্দুল মমিন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পাবনা জেলা পুলিশ, এসআরবি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের আইনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।