জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবির একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাতে দাবি করেন, ঘটনাস্থলের ছবিতে এটি শর্টসার্কিটের মতো মনে হচ্ছে। বাড়িটি পুরোনো ও বৈদুতিক সংযোগ পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে তিনি মতামত দেন। তবে মন্ত্রীর এই বক্তব্য নিয়ে নানা প্রশাসনিক, কারিগরি ও আইনি প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, বিজিবির কাজের পরিধির মধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান পড়ে না এবং এটি তাদের রুলস অব বিজনেসের পরিপন্থি। আগুন লাগার প্রকৃত কারণ বের করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জনবল রয়েছে। ফায়ার সার্ভিসের মতামত বা প্রতিবেদনের আগেই ভিন্ন একটি সংস্থার প্রাথমিক তথ্য সংসদে উপস্থাপন কতটা যৌক্তিক, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান জানান, কারিগরি সক্ষমতা সম্পন্ন ফায়ার সার্ভিসকে দিয়েই তদন্ত করানো উচিত, অন্য কোনো সংস্থার এখতিয়ার বহির্ভূত প্রতিবেদন পেশাদারি আচরণ নয়। অন্যদিকে, ফায়ার সার্ভিসের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক সময় অতি উৎসাহী হয়ে কোনো কোনো সংস্থা আগেই বক্তব্য দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়ায় মন্ত্রী নির্দেশ দিলে ফায়ার সার্ভিস দ্রুতই প্রতিবেদন দিতে পারত।

কারিগরি দিক থেকেও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিপরীত তথ্য পেয়েছে বিদ্যুৎ বিভাগ। শুক্রবার কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সেখানে শর্টসার্কিটের কোনো আলামত দেখা যায়নি। সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে এ মতামত তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার রাতেই তারা পরিদর্শনে গিয়ে বৈদুতিক মিটার ও সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজ অক্ষত অবস্থায় পেয়েছেন। শর্টসার্কিট হলে মিটার বা ফিউজ পুড়ে যাওয়ার কথা থাকলেও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি, ফলে অন্য কোনো কারণে আগুন লেগে থাকতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে ইঙ্গিত দেওয়া হলেও পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত অপরাধ হিসেবে বিবেচনা করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা নথিভুক্ত করেছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় নুসরাতের করা মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগ সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, জেলা যুবলীগ সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

মামলার এজাহারে নুসরাত তাবাসসুম উল্লেখ করেন, বুধবার রাত সোয়া ১২টার দিকে তিনটি বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। বের হয়ে তারা বসতঘর, উঠানসহ বিভিন্ন স্থানে আগুন দেখতে পান। পরে দৌলতপুরে ফায়ার স্টেশন না থাকায় ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এজাহারে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে আসামিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করছিল এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিল। তারই অংশ হিসেবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে বাবা-মাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। পুলিশ মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৪৩৬, ৪২৭, ৪২৯ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন যুক্ত করেছে। পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেন, এসব কঠোর ধারা যুক্ত হওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট মন্তব্যের সঙ্গে বৈপরীত্য তৈরি করে।

সাবেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারাও স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগাম বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ডিআইজি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ফলে ঘটনার গতিপ্রকৃতি দুর্ঘটনা হিসেবে দেখানোর একটা সুযোগ তৈরি হয়, যা তদন্তে প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে আদালতে আসামিরা এর সুযোগ নিতে পারে। অবসরপ্রাপ্ত এক অতিরিক্ত আইজিপি জানান, একদিকে ঘটনাটি তদন্তাধীন বলা হলেও অন্যদিকে বারবার শর্টসার্কিটের কথা উল্লেখ করায় তদন্ত সংস্থার ওপর একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর চাপ তৈরি হতে পারে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পেট্রোলবোমা না মিললেও বাইরে থেকে অন্য কোনো দাহ্য পদার্থ ছিটানো হয়েছিল কি না, তা জানতে রাসায়নিক ও ফরেনসিক পরীক্ষা জরুরি। নুসরাত অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের পানি ব্যবহারে অনেক আলামত নষ্ট হয়েছে এবং ফরেনসিক দল পৌঁছায় প্রায় ১৩ ঘণ্টা পর।

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ বিষয়ে কথা বলতে গিয়ে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাইরে থেকে বস্তু নিক্ষেপের পর আগুন জ্বলতে দেখা গেছে। তাছাড়া ঘটনার আগে নুসরাতকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল, যা নিয়ে জিডিও করা হয়। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পাশাপাশি পুলিশও ঘটনাটির তদন্ত করছে। কোনো প্রভাব ছাড়া নিরপেক্ষভাবে সত্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৮: ৪৬আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯: ০০