মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে সৌদি আরব বর্তমানে ‘ভেঙে পড়ছে’। শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে থাকা সৌদি আরব নিয়ে ট্রাম্পের এমন বিস্ফোরক মন্তব্য ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও শিল্পকারখানা ধ্বংস করে দিতে সক্ষম। তবে তিনি জানান, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো আপাতত ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক অভিযান না চালানোর জন্য অনুরোধ করেছে। ট্রাম্পের ভাষ্যমতে, সৌদি আরব তাকে পরিস্থিতি যেমন আছে তেমনই রাখার অনুরোধ জানিয়েছে, কারণ দেশটি ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও সামরিক পদক্ষেপ পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে বলে তিনি দাবি করেন।
এর আগেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। গত মার্চে তিনি বলেছিলেন, মার্কিন চাপের মুখে সৌদি যুবরাজকে এখন তার সঙ্গে ভালো আচরণ করতে হচ্ছে। যদিও ইরানের সঙ্গে উত্তেজনা চলাকালে উপসাগরীয় দেশগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হলেও সৌদি আরব তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু পরবর্তীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে দেশটি নতুন করে সংকটে পড়েছে।
সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে হুথিদের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সংঘাত নতুন মাত্রা পেয়েছে। হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন শহরে হামলা চালিয়েছে, যার ফলে দেশটির অর্থনৈতিক বৈচিত্র্যকরণ উদ্যোগের সম্মেলন বাতিল করতে হয়েছে এবং জ্বালানি রপ্তানি ব্যাহত হয়েছে। তবে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি নাকচ করেছেন।
ট্রাম্প আরও দাবি করেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগের পরিমাণ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়, যার সম্ভাব্য মূল্য প্রায় ২৪ বিলিয়ন ডলার।