রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় আজ শনিবার (১৪ নভেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি সঞ্চালন লাইনে মেরামত কাজ এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য এই বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিক্যাল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করা হবে। নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব গ্রাহক এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বেন।
অপরদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড এবং আড়ং শোরুমসংলগ্ন এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেও কাজ শেষ হতে পারে। তবে কাজ শেষ হওয়ার পর স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে।