ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক প্রচারণাকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে এর কঠোর নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও বিশিষ্ট রাজনীতিক গাদি আইজেনকোট। তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহুর এই প্রচারণার কৌশল সমাজে বিভেদ তৈরি করছে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, নির্বাচনের সময় নেতানিয়াহু ইসরায়েলি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণা চালিয়েছেন।

আইজেনকোট তার পোস্টে লিখেছেন, ইসরায়েলের আরব নাগরিকরা দেশের মোট জনসংখ্যার ২১ শতাংশের বেশি। অথচ নির্বাচনি প্রচার শুরুর প্রথম থেকেই তারা বর্ণবাদী ও সহিংস প্রচারণার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে বিদায়ী প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা আরব নাগরিকদের বৈধতা অস্বীকার করার মতো উসকানি দিচ্ছেন। তার মতে, প্রধানমন্ত্রী হবেন দেশের সব নাগরিকের প্রতিনিধি, এমনকি যারা তাকে ভোট দেয়নি তাদেরও। আরব নাগরিকদের প্রান্তিক করে রাখা ও একটি গোষ্ঠী হিসেবে বদনাম করার চেষ্টা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলে তিনি মন্তব্য করেন।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আইজেনকোটের চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে, অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট ৫৩ আসন নিশ্চিত করেছে। আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন লাভ করেছে। ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

নেতানিয়াহু বারবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারসাজির অভিযোগ তুললেও তা প্রমাণিত হয়নি এবং ইসরায়েলের নির্বাচন কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর রক্তক্ষয়ী হামলার পর গাজার হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করতে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহু আরব দলগুলোর সমালোচনা করেন, যদিও ইসরায়েলের সব দলের নেতারাই ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।

আইজেনকোট স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতপার্থক্য রাখলেও একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া সমর্থন করেন না। আরব দলগুলো আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন জানালেও, তিনি তাদের সঙ্গে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। বর্তমানে নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে ছয় সপ্তাহ সময় রয়েছে। তিনি জরুরি সরকার গঠনের গুরুত্বারোপ করে বলেন, যত দ্রুত সম্ভব এই দায়িত্ব পালন না করা একটি ‘গুরুতর ভুল’ হবে।