ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ট্যাংকারে নৌমাইনের আঘাতে আগুন ধরে গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, শনিবার ভোরে জাহাজটি ওই অঞ্চলের একটি নির্ধারিত নিষিদ্ধ এলাকায় প্রবেশ করার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।

আইআরজিসির দাবি অনুযায়ী, ট্যাংকারটি যখন নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে চলাচলের চেষ্টা করছিল, তখন সেটির অবস্থান শনাক্ত বা পরিচয় জানানোর স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ ছিল। নৌবাহিনী আরও দাবি করেছে, জাহাজটি প্রবেশের আগেই তাদের পক্ষ থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করা হয়।

ইরানের নৌবাহিনী সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যেসব ট্যাংকার এভাবে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করবে, তাদেরও একই পরিণতির সম্মুখীন হতে হতে পারে। এসব এলাকায় নৌমাইনের উপস্থিতি জাহাজগুলোর জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আইআরজিসি জানিয়েছে, জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল। তবে বিবৃতিতে জাহাজটির নাম, মালিকানা বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বারবার সতর্কবার্তা দেওয়ার পরও অননুমোদিত পথে জাহাজ চলাচলের প্রবণতা অব্যাহত রাখায় ট্যাংকারের মালিকদের তীব্র সমালোচনা করেছে আইআরজিসি।