অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ স্থাপনা ও দখলদারদের কারণে রাজধানীর প্রাকৃতিক জলাধারগুলো হারিয়ে যেতে বসেছে। এই সংকট মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে দখলমুক্ত করার পাশাপাশি খালের সীমানা চিহ্নিত করে দুই পাশে গাইড ওয়াল নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, রাজধানীর ৫৬টি খালের মধ্যে ২৯টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এবং ২৭টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে রয়েছে। তবে অধিকাংশ খালের জায়গা দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানিয়েছেন, জলাধারগুলো পুনরুদ্ধারের মাধ্যমে নগরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল উদ্ধারে প্রকল্পের কাজ চলছে এবং পর্যায়ক্রমে অন্য খালগুলোতেও কাজ করা হবে।
দক্ষিণ সিটির উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাব, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ খাল। অন্যদিকে উত্তর সিটির উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর ও সুতিভোলা খাল। এসব খালের মধ্যে প্রাথমিকভাবে ১০টি উদ্ধারের কাজ চলছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন খালের ওপর বসতবাড়ি, বহুতল ভবন, দোকান, বিপণিবিতান, কারখানা ও গুদাম গড়ে উঠেছে। অনেক জায়গায় গাড়ির গ্যারেজ বা ওয়ার্কশপ তৈরি করায় খালের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ বলেন, জলপ্রবাহের পথ বন্ধ হওয়ায় বৃষ্টির পানি ও বর্জ্য নদীতে পৌঁছাতে পারছে না, ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা বাড়ছে। তিনি উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা সতর্ক করে বলেছেন, খালে বর্জ্য ফেলে দূষণ বা পরিবেশের ক্ষতি করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডিএনসিসি জানিয়েছে, খাল উদ্ধারে ভূমি প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। এর মাধ্যমে জমির মালিকানা যাচাই, সীমানা নির্ধারণ ও উচ্ছেদ অভিযানের পাশাপাশি অবৈধ ভবন ও আবাসন প্রকল্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, খাল ও পুকুর পুনরুদ্ধার করা গেলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়বে এবং জলজ প্রাণীর আবাসস্থল রক্ষা পাবে। এছাড়া খালের দুই পাশে সবুজায়ন ও হাঁটার পরিবেশ তৈরি করলে নগরের তাপমাত্রা কমাতেও তা ইতিবাচক ভূমিকা রাখবে এবং জরুরি প্রয়োজনে এসব জলাধার পানির উৎস হিসেবেও ব্যবহার করা যাবে।