খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। এদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার অভিযোগ করে জানান, শুক্রবার সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।

ঘটনার সময় এলাকা অন্ধকার থাকায় হামলাকারীদের কাউকে স্পষ্টভাবে শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন আহতরা। তবে জেলা বিএনপির পক্ষ থেকে হামলাকারীদের পরিচয় উদ্ঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। মাটিরাঙা থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।