দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী যেকোনো ধরণের ষড়যন্ত্র এবং নৈরাজ্য প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি স্পষ্ট করেছেন যে, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সাহায্যের প্রয়োজন পড়বে না। ১৪ নভেম্বর শনিবার চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা উচ্ছৃঙ্খলতা তৈরির চেষ্টা করে, তবে তা মোকাবিলার পূর্ণ সক্ষমতা বিএনপির রয়েছে। এ জন্য দলের বিপুলসংখ্যক নেতাকর্মীই যথেষ্ট এবং তারা নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখে দিতে ভূমিকা রাখতে পারবেন।
দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে মীর হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। বর্তমানে বিদেশি বিনিয়োগ প্রায় ১২ থেকে ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হারও বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে এই অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার উন্নয়নসংক্রান্ত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল ও কৃষক দলের নেতাদের এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রস্তাব দিলে সেগুলো অনুমোদনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
নিজের এলাকা ১৩ নম্বর ওয়ার্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই এলাকাতেই তাঁর বেড়ে ওঠা এবং তাঁর চাচারাও এখনো সেখানে বসবাস করেন। স্থানীয় মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজেও একসময় মানববন্ধনে অংশ নিয়েছিলেন, তখন কর্তৃপক্ষ ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিল। নবনির্মিত এই ফুটওভার ব্রিজটি চট্টগ্রামের অন্যতম দৃষ্টিনন্দন ও নিরাপদ অবকাঠামো হিসেবে উল্লেখ করে তিনি নগরের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, দেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। সংসদ সদস্য ও মন্ত্রীরা মূলত জনগণের সেবক এবং সেবা করাই তাঁদের মূল দায়িত্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক মো. মাহফুজুর রহমান। পরে নামফলক উন্মোচনের মাধ্যমে ব্রিজটির উদ্বোধন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪২ মিটার দীর্ঘ, ৮ ফুট প্রশস্ত ও ১৮ ফুট উচ্চতার এই ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ আট মাসে সম্পন্ন হয়েছে।