ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত সরকার আইনি প্রক্রিয়া খুঁজছে বলে বিবিসি একটি সংবাদ প্রকাশ করেছে—এমন প্রসঙ্গ তোলেন এক সাংবাদিক। এর জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা তা করে রেখেছি। এখন উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে যখন ফিরিয়ে আনা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।’

আইনমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান আইনি কাঠামো অনুযায়ী আপিল বিভাগে এ ধরনের মামলায় বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত করার বা সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘স্পেশাল ল’তে কন্ডোন করার কোনো সুযোগ রাখা হয়নি। উনারাই (আওয়ামী লীগ সরকার) সেই আইন করে গেছেন।’

এ সময় তিনি বাংলাদেশের সংবিধানের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আনা সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটিও তাদেরই করা আইন বলে মন্তব্য করেন তিনি।