অনলাইন ডেস্ক নিউজ:
যশোরের ঝিকরগাছায় চলমান জ্বালানি তেলের সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে চিকিৎসক, পুলিশ সদস্য, সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকরা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবেন।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, তেলের সীমিত সরবরাহ ও অতিরিক্ত চাহিদার কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে, যা পেশাজীবীদের দৈনন্দিন কাজ ব্যাহত করছে।
পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশন মালিক ও পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে—মজুদ থাকা সাপেক্ষে নির্দিষ্ট পেশাজীবীদের বৈধ পরিচয়পত্র দেখে আলাদা লাইন বা অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করতে হবে। একই সঙ্গে এই নির্দেশনা দৃশ্যমান স্থানে টানানোর কথাও বলা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, তেলের অপচয় রোধ, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।