বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কটি প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে আন্দোলন দমনে ব্যর্থ হয়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ ও তার আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে ৬-৭টি কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এই অবরোধ চলাকালে সেখানে থাকা একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ভাঙচুর চালান আন্দোলনকারীরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং দুর্ভোগ তৈরি হয়।
অবরোধের প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাত আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের মুখে শ্রমিকরা স্থান ছেড়ে পালিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার ৬ থেকে ৭টি কারখানার শ্রমিক সড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনা হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি অতিরিক্ত বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।