সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের প্রেক্ষাপটে সার্বিক নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তা সংক্রান্ত এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
তবে জরুরী সেবা ও বিশেষ কিছু যানবাহনের ক্ষেত্রে এ বিধিনিষেধ শিথিল রাখা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগী বহনকারী গাড়ি, সাংবাদিক, রাইড শেয়ার, খাবারের গাড়ি, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। একই সঙ্গে নিরাপত্তার প্রয়োজনে যেকোনো ব্যক্তি ও যানবাহনে প্রক্টরিয়াল বডি বা সংশ্লিষ্টরা তল্লাশি চালাতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার থেকে টানা তিনদিন ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় দশটির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মঙ্গলবার বিজনেস অনুষদে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর হাতবোমা বিস্ফোরণে চালকসহ দুজন আহত হলে ক্যাম্পাসজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সব ককটেলবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে এক শিক্ষার্থী, এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশমুখগুলোতে প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
এদিকে ক্যাম্পাসে বিস্ফোরণের ঘটনায় ভীত হয়ে দুজন চীনা শিক্ষার্থী ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। বিদেশি শিক্ষার্থীদের হল 'পি জে হার্টগ ইন্টারন্যাশনাল'-এর প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছ দিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় দুজন শিক্ষার্থী চীনে ফিরে গেছেন এবং নির্ধারিত সময়ের আগেই আগামী ১৩ নভেম্বর আরও ছয়জন শিক্ষার্থী নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।