রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা রয়েছেন, যিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অভিযুক্ত ওই নেতার নাম ওমর ছানি (২৭)। উত্তরা পশ্চিম থানা-পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁওয়ে ৭১, লালবাগে ৫৮, উত্তরা বিভাগে ৫১, মতিঝিলে ৩৯, রমনায় ২৯ এবং গুলশান বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে আরও পাঁচজনকে আটক করেছে।
অভিযান পরিচালনার সময় বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩টি ইয়াবা বড়ি এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন। এ ছাড়া পুলিশ পাঁচটি মুঠোফোন, ১৭টি বাইসাইকেল এবং মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা জব্দ করেছে। অভিযানে দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষও উদ্ধার করা হয়েছে।