পৃথিবীর কোটি কোটি পাখির ভিড়ে গলার নিচে সামান্য হলুদ দাগ থাকা ছোট একটি পাখিকে হয়তো আলাদা করে দেখার কারণ ছিল না। কিন্তু ১৯০৬ সালের একদিন এই পাখিটিই বদলে দেয় বোম্বের এক কিশোরের পথচলা। পাখিটির সঠিক পরিচয় জানতে গিয়ে যে প্রশ্নের জন্ম হয়েছিল, তা অনুসন্ধান করতে করতেই রচিত হয় ভারতীয় উপমহাদেশের আধুনিক পক্ষিবিদ্যার ইতিহাস। সেই কিশোর আর কেউ নন, বিশ্ব যাকে চেনে 'বার্ডম্যান অব ইন্ডিয়া' বা ভারতের পাখিমানব হিসেবেখ্যাত সালিম মোয়িজুদ্দিন আবদুল আলি।

১৮৯৬ সালের ১২ নভেম্বর বোম্বেতে (বর্তমান মুম্বাই) নয় ভাইবোনের মধ্যে সবার ছোট হিসেবে জন্ম নেন সালিম আলি। শৈশবেই বাবা-মাকে হারানোর পর তিনি বেড়ে ওঠেন মামা আমিরুদ্দিন তায়াবজি ও খালা হামিদা বেগমের তত্ত্বাবধানে। প্রায় ১০ বছর বয়সে দেখা সেই হলুদগলার পাখিটির প্রজাতি জানতে মামার শরণাপন্ন হলে তিনি তাকে নিয়ে যান বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে (বিএনএইচএস)। সেখানে তৎকালীন সচিব ডব্লিউ এস মিলার্ড পাখিটিকে 'ইয়েলো-থ্রোটেড স্প্যারো' হিসেবে শনাক্ত করেন এবং প্রাতিষ্ঠানিক পাখির সংগ্রাহক কক্ষ ও বৈজ্ঞানিক বইপত্রের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন। পাখির খাদ্য, আবাসস্থল, বাসা বাঁধার কৌশল ও পরিযানের রহস্য বোঝার এই অভিজ্ঞতা কিশোর সালিমের মনে গভীর গবেষণার জন্ম দেয়।

সেন্ট জেভিয়ার্স কলেজে প্রাণিবিদ্যা নিয়ে পড়াশোনা করলেও সালিম আলির শিক্ষাজীবন খুব ধারাবাহিক ছিল না। পারিবারিক প্রয়োজনে বার্মায় (বর্তমান মিয়ানমার) গিয়ে খনি ও কাঠের ব্যবসা দেখাশোনা করতে হলেও তার মন পড়ে থাকত পাখির জগতেই। ভারতে ফিরে প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকায় জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় চাকরি পাননি। পরবর্তীতে বোম্বের প্রিন্স অব ওয়েলস মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাস বিভাগে গাইড লেকচারার হিসেবে কাজ শুরু করেন। তবে মিউজিয়ামের কাচের ঘরে নমুনা দেখার চেয়ে জীবন্ত পাখির প্রাকৃতিক আচরণ পর্যবেক্ষণে তিনি বেশি আগ্রহী ছিলেন। সেই লক্ষ্যে ১৯২৯ সালে জার্মানির বার্লিন জুওলজিক্যাল মিউজিয়ামে গিয়ে বিখ্যাত পক্ষিবিদ এরউইন স্ট্রেসেম্যানের অধীনে আধুনিক প্রজাতি শনাক্তকরণ ও মাঠপর্যায়ের গবেষণা পদ্ধতির প্রশিক্ষণ নেন।

১৯৩০ সালে দেশে ফিরে মাঠপর্যায়ের বিস্তর গবেষণায় নামেন সালিম আলি। বিএনএইচএসের সহায়তায় তিনি ভারতের বিভিন্ন অঞ্চল ও দেশীয় রাজ্য যেমন—হায়দরাবাদ, কোচিন, ত্রিবাঙ্কুর, গোয়ালিয়র, ইন্দোর ও ভোপালে দীর্ঘ পাখি জরিপ চালান। পরবর্তীতে ওড়িশা, বেরার, সিকিম, ভুটান, গোয়া ও অরুণাচল প্রদেশেও দূরবীন, নোটবই আর পেন্সিল হাতে চষে বেড়ান। ১৯৩১ সালে বাবুই পাখির জটিল বাসা তৈরি, প্রজনন ও সামাজিক আচরণ সম্পর্কিত তার যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশিত হয়। তখনকার দিনে কেবল শ্রেণিবিন্যাস বা মৃত পাখির নমুনা সংগ্রহের প্রথা ভেঙে তিনি জীবন্ত পাখির জীবনযাপনের বিজ্ঞানের ওপর জোর দেন।

সাধারণ মানুষের মধ্যে পাখি চেনার আগ্রহ তৈরিতে ১৯৪১ সালে প্রকাশিত হয় তার সহজ ভাষার চিত্রসংবলিত বই 'দ্য বুক অভ ইন্ডিয়ান বার্ডস'। পরবর্তীতে মার্কিন পক্ষিবিদ এস ডিলন রিপলির সঙ্গে যৌথভাবে ১৯৬৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে তিনি প্রকাশ করেন ১০ খণ্ডের বিশাল গ্রন্থমালা 'হ্যান্ডবুক অভ দ্য বার্ডস অভ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান'। ডিলন রিপলির ট্যাক্সোনমি দক্ষতা এবং সালিম আলির মাঠপর্যায়ের আচরণগত পর্যবেক্ষণের এই সমন্বয় উপমহাদেশের অন্যতম সেরা বৈজ্ঞানিক আকরগ্রন্থে পরিণত হয়। এ ছাড়া কচ্ছ, কেরালা, সিকিম, ট্রাভাঙ্কোর ও কোচিনের পাখিদের নিয়ে লেখা আঞ্চলিক বই এবং ১৯৮৫ সালে প্রকাশিত আত্মজীবনী 'দ্য ফল অভ আ স্প্যারো' তার অন্যান্য উল্লেখযোগ্য কাজ।

গবেষণার পাশাপাশি বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালিম আলি। পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে রাজস্থানের ভরতপুরের কেওলাদেও জলাভূমি সংরক্ষণ এবং কেরালার সাইলেন্ট ভ্যালি বনাঞ্চলকে জলবিদ্যুৎ প্রকল্পের বিনাশ থেকে রক্ষায় আন্দোলন করেন তিনি। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে ১৯৫৮ সালে পদ্মভূষণ ও ১৯৭৬ সালে পদ্মবিভূষণ সম্মাননায় ভূষিত করে। ১৯৮৫ সালে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন। ১৯৮৭ সালের ২০ জুন ৯০ বছর বয়সে সালিম আলি মৃত্যুবরণ করেন। তার স্মৃতি ও চেতনাকে ধরে রাখতে ১৯৯০ সালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে প্রতিষ্ঠিত হয় 'সেলিম আলি সেন্টার ফর অর্নিথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি' (এসএসিওএন)।