১৪ নভেম্বর ২০২৬ তারিখে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়টি সামনে আসে। তবে তাকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করেছে বাংলাদেশ সরকার। ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে ফিরতে হলে তাকে প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণের শর্ত পূরণ হয় কি না, তা নিয়ে খোদ দিল্লিতেই প্রশ্ন রয়েছে। এছাড়া তার নিরাপত্তা, মৃত্যুদণ্ড এবং দুদেশের রাজনৈতিক সম্পর্ক তার প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে উঠতে পারে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের এই অবস্থানের সঙ্গে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিও কার্যত অসম্ভব বলে মনে করছে সূত্রগুলো। ভারতের অবস্থান পরিষ্কার; প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা যখন বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতে এসেছিলেন, তখন থেকেই পরিস্থিতি ভিন্ন। উড়োজাহাজটি চালিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা এবং তাকে নয়াদিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে নামিয়ে দেওয়া হয়েছিল।

শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল এবং পরে গৃহবন্দি রাখা হয়েছিল। এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ট্যাংক ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ঢুকে হত্যা করা হয়। বাংলাদেশের বয়স তখন মাত্র চার বছর ছিল এবং শেখ হাসিনা ও তার বোন ছাড়া পরিবারের প্রায় সবাইকে সেদিন হত্যা করা হয়েছিল। ১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চট্টগ্রামে একটি সরকারি অতিথিশালায় অবস্থানকালে সেনাবাহিনীর বিপথগামী কতিপয় কর্মকর্তার বিদ্রোহে হত্যাকাণ্ডের শিকার হন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আইনশৃংখলা বাহিনীর অতীত এবং ২০২৪ সালে শেখ হাসিনার ঢাকা ছাড়ার পরিস্থিতি বিবেচনায় আপাতত তার প্রত্যর্পণ অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এছাড়া বর্তমানে বাংলাদেশের কিছু গোষ্ঠীর কাছ থেকে শেখ হাসিনার জীবনের জন্য হুমকি রয়েছে এবং আগের প্রশাসনের সময় এসব গোষ্ঠী আরও সাহসী হয়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। ফলে প্রত্যর্পণের বিষয়ে যেকোনো আলোচনায় তার প্রাণনাশের আশঙ্কার বিষয়টি গুরুত্ব পাবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তিনি পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। আমরা তাদের হস্তান্তরের দাবি জানিয়েছি।’

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য উভয় দেশের আইনেই কমপক্ষে এক বছরের কারাদণ্ডের বিধান থাকতে হবে। চুক্তিতে ‘দ্বৈত অপরাধ’ বা ডুয়াল ক্রিমিনালিটির শর্ত রয়েছে, অর্থাৎ অপরাধটি দুদেশের নিজস্ব আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। এছাড়া রাজনৈতিক চরিত্রের অপরাধ হলে প্রত্যর্পণ না হওয়ার সম্ভাবনা থাকে। তবে হত্যা, নরহত্যা, হামলা, সন্ত্রাসবাদ ও বিস্ফোরক ব্যবহারের মতো গুরুতর সহিংস অপরাধ এই রাজনৈতিক ব্যতিক্রমের আওতায় পড়ে না। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে। এছাড়া বিচারপ্রক্রিয়া সদিচ্ছার সঙ্গে পরিচালিত না হলে বা মামলাটি তুচ্ছ হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

পাসপোর্ট ছাড়া তার দেশে ফেরার আরেকটি পথ হতে পারে ট্রাভেল পাস। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে অবস্থানকালে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে ট্রাভেল পাসের আবেদন করেছিলেন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি যুক্তরাজ্যে চলে যান এবং ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময় আগে ট্রাভেল পাস পেয়েছিলেন। তবে তারেক রহমানের ক্ষেত্রে মামলাগুলো প্রত্যাহারের পরই তার দেশে ফেরার পথ তৈরি হয়েছিল।