রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আগামী এক বছরের মধ্যে কয়েকশ’ সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে এলাকাটির ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতে ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

শনিবার মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরকার অপরাধ প্রতিরোধের কাজ করছে। বর্তমানে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ জনসমাগমস্থলে স্থাপন করা উচ্চ রেজল্যুশনের ক্যামেরাগুলোতে দূর থেকে ছবি বড় করে দেখার সুবিধা রয়েছে। আগামী এক বছরের মধ্যে এগুলোর সংখ্যা কয়েকশ’তে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট থানা-পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকায় অপরাধপ্রবণ স্থানগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষ ধরনের গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এই ক্যামেরার ফুটেজ ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) সহায়তা করেছে।

ববি হাজ্জাজ জানান, ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠন করা হবে। এই কমিটিতে মসজিদ, মন্দির, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে দ্রুত সংশ্লিষ্ট থানা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা করা হবে।