শ্রীলঙ্কা ম্যাচের শুরুর একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এর মধ্যে একটি পরিবর্তন ছিল বাধ্যতামূলক, কারণ সাদ উদ্দিন চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন রহমত মিয়া। এছাড়া সেন্টার ফরোয়ার্ড হিসেবে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে আজ শুরুর একাদশে খেলছেন শুকি ইতোফুসা।

আজকের একাদশে রয়েছেন মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, ফারহান আলী, রাকিব হোসেন ও শুকি ইতোফুসা।

বাংলাদেশ–পাকিস্তান ম্যাচটি এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২–১ গোলে হারিয়ে ভারত ইতিমধ্যে শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ–পাকিস্তানের মধ্যকার জয়ী দল মঙ্গলবার ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে।

আজকের এই ম্যাচটি বাংলাদেশের সামনে দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ হিসেবে এসেছে। সর্বশেষ ২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশ ফাইনালে উঠেছিল। এরপর দুই দশকেরও বেশি সময়ে বাংলাদেশ কখনো গ্রুপ পর্বে আবার কখনো সেমিফাইনালে এসে থেমেছে, কিন্তু আর ফাইনালে পৌঁছাতে পারেনি।

এদিকে স্টেডিয়াম থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি অনেকটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। খেলা শুরু হতে আধা ঘণ্টার বেশি সময় বাকি থাকলেও দর্শকদের প্রবেশ অব্যাহত রয়েছে।