জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সুভাষ উড়াও (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে দেওয়ানপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুভাষ উড়াও জয়পুরহাট শহরের চিত্রা পাড়া এলাকার সন্তোষ উড়াওয়ের ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতে দেওয়ানপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন সুভাষ। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।