জ্বালানি সংকটের চ্যালেঞ্জের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, ডিসেম্বর মাসের পর জানুয়ারি মাসের চাহিদা পূরণের লক্ষ্যেও এলএনজি সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬’-এ অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, গত প্রায় দুই সপ্তাহে দেশে লোডশেডিংয়ের মাত্রা খুবই কম ছিল। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও তা জ্বালানি সংকটের কারণে নয়, বরং কারিগরি ত্রুটির কারণে হয়েছে বলে তিনি দাবি করেন।

জ্বালানি সংকটের পেছনের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী জানান, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) সংক্রান্ত সমস্যার কারণে এক পর্যায়ে দেশে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এর ফলে শিল্পকারখানাগুলো ভোগান্তিতে পড়ে এবং অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে। সিঙ্গাপুরের বাজার থেকে কেনা গ্যাসের দাম প্রতি এমএমবিটিইউ ১২ ডলার থেকে বেড়ে সর্বশেষ ৩১ ডলারে পৌঁছায়।

মন্ত্রী আরও বলেন, এলএনজির দাম বাড়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের প্রায় সমান হয়ে যায়। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি ইউনিট চালু রাখা হয়।