একটি কল্যাণ রাষ্ট্র গড়ে ওঠে সম্পদ বণ্টনের ওপর ভিত্তি করে। একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, তা নিয়ন্ত্রণ করে তার অর্থব্যবস্থা। ইসলামি সমাজ মূলত মিশ্র অর্থব্যবস্থার ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। পৃথিবীর শৃঙ্খলা বজায় রাখতেই আল্লাহতায়ালা মানুষের চাহিদা অনুপাতে সম্পদের পরিমাণ নির্ধারণ করে দেন। তিনি মানুষের অন্তর দেখেন এবং সম্পদ বা দারিদ্র্যের মাধ্যমে তাদের পরীক্ষা করেন। আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেছেন, 'আল্লাহ তাঁর সব বান্দাকে রুজিতে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছে সে পরিমাণই দিয়ে থাকেন। তিনি তাঁর বান্দাদের সম্যক জানেন, দেখেন।' (সুরা শুরা : ২৭)।
বর্তমান পৃথিবীতে আর্থিক বৈষম্যের মূল কারণ হলো মানবতার অভাব। অর্থের প্রাচুর্য মানুষের মধ্যে ভোগবিলাসিতা, অহংকার, হিংসা-বিদ্বেষ এবং কৃপণতা সৃষ্টি করে, যা মানুষকে হিংস্র করে তোলে এবং ধীরে ধীরে পশুতে পরিণত করে। অর্থের এই অহংকারকে নিয়ন্ত্রণ করার জন্যই আল্লাহতায়ালা জাকাত ও ফিতরার বিধান নাজিল করেছেন। এর মাধ্যমেই আল্লাহ যাচাই করেন কে ভালো আর কে মন্দ।
বর্তমানে আটশো কোটি মানুষের মধ্যে মাত্র আটজনের হাতে যে পরিমাণ সম্পদ জমে উঠেছে, তা পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষের মোট সম্পদের সমান। এসব ধনীর একেকজন চাইলে একটি রাষ্ট্রের সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারতেন, কিন্তু তারা তা করেন না। এটাই সাধারণ জনগণের কষ্টের কারণ। যদি আল্লাহর বিধান অনুযায়ী আমরা অসহায় ও গরিবদের মাঝে নিজের কিছু সম্পদ বিলিয়ে দিই, তাহলেই সমাজে শান্তি ও ভারসাম্য ফিরে আসবে এবং প্রকৃত উন্নতি হবে।