দেশের তৈরি পোশাকশিল্পে টানা ১৫ দিন ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে বিদেশি বায়ারেদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে। সংকট মোকাবিলায় ইতিমধ্যে ১৪৭টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আন্দোলনের কারণে কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিদেশি ক্রেতারা তাদের ক্রয় আদেশ (অর্ডার) অন্য দেশে স্থানান্তর করছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানান, আন্দোলন অব্যাহত থাকলে আজ থেকেই সব তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হবে।

পোশাক শ্রমিকদের একটি পক্ষ নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। শ্রমিকদের বেতন বাড়াতে সরকার ইতিমধ্যে শ্রমজীবী, মালিক ও সরকারি প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করেছে। মজুরি বোর্ড ইতিমধ্যে দুবার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ডিসেম্বর থেকেই শ্রমিকদের নতুন বেতন স্কেল কার্যকর হবে। তবে এই সিদ্ধান্তের পরও একটি পক্ষ শ্রমিকদের ব্যানারে ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও আন্দোলন অব্যাহত রেখেছে।

শিল্পের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. এম কে মুজেরী জানান, দীর্ঘদিন ধরে চলা এই অস্থিরতায় উৎপাদন কমে শ্রমিক ও মালিক উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ভুল বার্তা যাওয়ায় ক্রেতারা আশঙ্কা করছেন যে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। এই পরিস্থিতি তৈরি হলে তারা স্থায়ীভাবে অর্ডার বন্ধ করে দেবেন, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয়ের নিরিখে শ্রমিকদের দাবির যৌক্তিকতা থাকলেও মালিকদের অবস্থাও ভালো নয়। যেহেতু মজুরি বোর্ড গঠিত হয়েছে, তাই বোর্ডের চূড়ান্ত সুপারিশ পর্যন্ত শ্রমিকদের ধৈর্য ধরা উচিত।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, যে সব ক্রেতারা কঠিন সময়ে পাশে থাকতেন, আন্তর্জাতিক বাজারে মন্দা ও বিক্রি কমে যাওয়ায় তারাও এখন পাশে থাকছেন না। প্রতিযোগী দেশগুলো কম দামে ও নানা সুবিধায় পণ্য সরবরাহ করায় বিদেশি বায়াররা অস্থিরতাকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখছেন। বিগত ১৫ দিনের টানা অসন্তোষের কারণে বায়াররা নতুন অর্ডারের পাশাপাশি নিশ্চিত হওয়া অর্ডারও স্থানান্তর করছেন। বিশেষ করে ভারতের ত্রিপুরাসহ পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামে অর্ডার চলে যাচ্ছে। ত্রিপুরার কারখানাগুলো দিনে ৯ ঘণ্টার বেশি সময় এবং শুক্রবারেও চালু রেখে দ্রুত পণ্য সরবরাহ নিশ্চিত করছে।

শোভন ইসলাম আরও জানান, বাংলাদেশের সঙ্গে এসব দেশের উৎপাদন খরচের পার্থক্য খুব বেশি না হওয়ায় সামান্য দামের পার্থক্যে ক্রেতারা বিকল্প দেশ বেছে নিচ্ছেন। উদাহরণস্বরূপ, আগামী সামার (গ্রীষ্ম) মৌসুমের জন্য নিশ্চিত হওয়া যেসব অর্ডারের কাপড় এখনো দেশে পৌঁছায়নি, সেগুলো অন্য দেশে স্থানান্তর করা হয়েছে। একইভাবে অটাম (শরৎ) মৌসুমের অর্ডারও হাতছাড়া হচ্ছে। এখন অর্ডার প্লেসমেন্ট এবং নিশ্চিতকরণ—দুই ধাপেই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ভয়াবহ প্রভাব আগামী বছরের মার্চ থেকে ব্যবসায় ব্যাপকভাবে পড়তে পারে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, চলমান শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০টি কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এতে যে তাৎক্ষণিক আর্থিক ক্ষতি হচ্ছে, তা কয়েক দিন পর পরিমাপ করা সম্ভব হবে। তবে আর্থিক ক্ষতির চেয়েও দেশের ভাবমূর্তি সংকট সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কোনো দেশকে ঝুঁকিপূর্ণ সোর্সিং কান্ট্রি হিসেবে বিবেচনা করলে ক্রেতারা সেখানে উচ্চমূল্যের অর্ডার দিতে চান না এবং দরকষাকষিতেও ঝুঁকি বিবেচনায় পণ্যের দাম কম ধরেন। ২০২৪ সালের অস্থিরতার প্রভাব যেমন ২০২৬ সালের প্রথম আট-নয় মাসে দেখা গেছে, তেমনি বর্তমান অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশের ওপর বিদেশি ক্রেতাদের আস্থা মারাত্মকভাবে কমবে।