সাপ্তাহিক ছুটির বিরতি শেষে আজ আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। আজকের বৈঠকটি রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে এবং এতে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, আজকের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট তিনটি নোটিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনার নোটিশ দিয়েছেন। এছাড়া মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে আলোচনার নোটিশ দিয়েছেন। মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমানো, ভূমিসেবা সহজ করা এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অধিবেশনের কার্যসূচিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে মন্তব্য উত্থাপন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের বিষয় অন্তর্ভুক্ত আছে। পাশাপাশি গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিলও সংসদে উপস্থাপনের কথা রয়েছে।
তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার, উৎপাদন সক্ষমতা এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার জন্য একটি সাধারণ প্রস্তাব উত্থাপন করা হবে। কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান এই প্রস্তাবটি উত্থাপন করবেন। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।